প্রবাসী সংগঠনগুলোতে বিভক্তি কারণ ব্যক্তিগত : ফোবানা

ব্যক্তিগত ও কৌশলগত কারণেই উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত বিভিন্ন সংগঠনে বিভক্তি দেখা যাচ্ছে বলে দাবি করেছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)।  সংগঠনের নেতাদের দাবি, রাজনৈতিক নয়, ব্যক্তিগত কারণেই উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলোতে বিভক্তি দেখা যাচ্ছে।  গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরিইউ) সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটি দাবি করেন ফোবানার নেতারা।  আগামী সেপ্টেম্বরে আমেরিকায় ফোবানা সম্মেলন আয়োজনের বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান। তিনি বলেন, আগে আমরা একসঙ্গেই সব অনুষ্ঠানের আয়োজন করতাম।  কিন্তু এখন, একই সময়ে উত্তর আমেরিকায় আরেকটি সংগঠন আলাদা সম্মেলনর আয়োজন করছে। এই বিভক্তিতে আমরা লজ্জিত।  বিভক্তির কারণে নিজেদের দুর্বল হয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে হোসেন বলেন, তবে এই বিভক্তির পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই।  দলমতের ঊর্ধ্বে থেকে আমরা বাংলাদেশি সংস্কৃতিকে বিশ্বের কাছে পরিচিত করার কাজ করছি।

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে চাইলেও তা দেওয়া হয়নি অভিযোগ করে ফোবানার নেতা মোহাম্মদ হোসেন বলেন, আমরা এই সংবাদ সম্মেলনটি প্রেসক্লাবে করতে চেয়েছিলাম।  আমাদের বুকিং দেওয়ার পর সংবাদ সম্মেলনের ঠিক আগের দিন কোনো কারণ না দেখিয়েই বুকিংটি বাতিল করা হয়।  প্রতিপক্ষ যে কোনো উপায়ে চাপ প্রয়োগ করে প্রেসক্লাবের শিডিউলটি বাতিল করিয়েছে বলেও অভিযোগ করেন ফোবানার এ নেতা। ফোবানার আসন্ন সম্মেলন সম্পর্কে তিনি বলেন, প্রতিবারের মতো এবারও আমেরিকায় সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসে বসবাস করলেও নিজ মাতৃভূমির সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ ও লালন করার মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের গর্বিত পরিচয় উপস্থাপন করতে চায়।