১৪ দলের শরিকদের সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। গতকাল শনিবার তিনি বলেছেন, ‘১৪ দলের সংসদ সদস্যরা জাতীয় পার্টির সঙ্গে বিরোধী দলের ভূমিকায় এলে সংসদ আরও প্রাণবন্ত হবে। আমরা সম্মিলিতভাবে দেশ ও মানুষের পক্ষে কথা বলে সংসদকে কার্যকর করে তুলব।’ গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে রাঙ্গা এ কথা বলেন। রংপুর-১ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে বুদ্ধদেব বসু একাই বিরোধী দলে ছিলেন। স্বাধীনতাপরবর্তী ৭৩ সালের নির্বাচনের পর বিরোধী দলের স্বল্পসংখ্যক সদস্যই সংসদ জমিয়ে রেখেছিলেন। একাদশ সংসদে জাতীয় পার্টির ২২ জন সদস্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, ফখরুল আহসান শাহাজাদা, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীসহ কেন্দ্রীয় নেতারা।