প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আগুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় একটি ফ্ল্যাট বাসায় নাঈমা রহমান (৩৭) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ আগুন দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরের এ ঘটনার সময় নাঈমা রহমান ছাড়া বাসায় আর কেউ ছিল না। নিহত নাঈমা থাইল্যান্ডপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী। ছেলে নাফিজ রহমান (৮) ও মেয়ে আনুশী রহমানকে (১৫) নিয়ে সোনাকান্দা এলাকার সরদারবাড়িতে ভাড়া থাকতেন তিনি। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বন্দর থানা পুলিশ।  স্থানীয়দের বরাত দিয়ে থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, দুপুরে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নাঈমাকে হত্যা করে লাশে আগুন ধরিয়ে দেয়। পরে তার মেয়ে বাসায় ঢুকে মায়ের শরীরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে আগুন নেভায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।