কূপে পড়া দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করতে এক সপ্তাহ ধরে বড় ধরনের অভিযান চালাচ্ছে স্পেনের প্রশাসন। মালাগার টোটালান শহরের ওই ছেলের নাম জুলেন রোসেলো।
রোববার খেলার সময় ১০০ মিটার গভীর কূপে পড়ে যায় সে। তার মা-বাবা তখন দুপুরের খাবার খাচ্ছিলেন।
শনিবার বিকেল নাগাদ কূপের সমান্তরালে একটি টানেল খোঁড়ার কাজ শুরু হয়েছে। এর ভেতর দিয়ে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ইঞ্জিনিয়ার অ্যাঞ্জেল গার্সিয়া ভিদাল বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা শিশুটির কাছে পৌঁছাতে চাই। এখন থেকে সেই কাজটি কিছুটা সহজ হবে।’
সবকিছু ঠিকঠাক থাকলে উদ্ধার অভিযান শেষ হতে আরও ১৫ ঘণ্টা লাগবে। কিন্তু শিশুটিকে জীবিত পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন ভিদাল।
উদ্ধার অভিযান নিয়ে গোটা স্পেনের আগ্রহ সৃষ্টি হয়েছে। স্থানীয় টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
আন্দালুসিয়ার প্রাদেশিক সরকারের প্রেসিডেন্ট জুয়ানমা মরেনো উদ্ধার অভিযানের প্রশংসা করে বলেন, ‘এত মেশিন, এত জনবল, এত শক্তি একসঙ্গে দেখা অবাক করার মতো ব্যাপার। শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, সমগ্র আন্দালুসিয়া তথা স্পেনের মানুষ কাজে অংশ নিতে চাইছে।’
স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, জুলেনের মা-বাবা ২০১৭ সালে তাদের আরেকটি সন্তানকে হারান। ওই শিশুটির হৃদযন্ত্রে সমস্যা ছিল।
শিশুটির খেয়াল না রাখায় আধা-সামরিক বাহিনী অভিভাবকদের সমালোচনা করেছে। এমন জায়গায় কূপ খনন করায় এর মালিকের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।