হলি আর্টিজান হামলায় ৩৯ লাখ টাকা দেন রিপন

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার জন্য ৩৯ লাখ টাকা দিয়েছিলেন জঙ্গি সংগঠন জেএমবির অন্যতম শুরা সদস্য মো. মামুনুর রশিদ ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজা। অস্ত্র ও প্রশিক্ষণের ব্যবস্থাও করেছিলেন তিনি।

রোববার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, ‘হলি আর্টিজান হামলার জন্য ৩৯ লাখ টাকা দিয়েছিলেন রিপন। তার দায়িত্ব ছিল অর্থ সংগ্রহ করা, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করা।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘সংগঠনের সিদ্ধান্তে গ্রেপ্তারকৃত এই অন্যতম শুরা সদস্য রিপনের নেতৃত্বে একটি দল ২০১৬ সালের এপ্রিল মাসে পার্শ্ববর্তী দেশে গিয়ে এই অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে। পরবর্তীতে সেগুলো হামলার মূলহোতা সরোয়ার জাহানের কাছে পাঠায়।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকা থেকে হলি আর্টিজান হামলার চার্জশিটভুক্ত আসামি রিপনকে গ্রেপ্তার করে র‌্যাব-৩।

এসময় তার কাছ থেকে একটি ডায়েরি, চারটি খসড়া মানচিত্র এবং ১ লাখ ৪৭ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।

জেএমবির অন্যতম শুরা সদস্য রিপন বগুড়া জেলার নন্দীগ্রাম থানার শেখেরমাড়িয়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।