'কোচিং বন্ধ এক মাস, অ্যালুমিনিয়ামের প্যাকেটে প্রশ্নপত্র'

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার এক মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিশেষ ব্যবস্থায় অ্যালুমিনিয়ামের প্যাকেটে ভরে প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়ে যেন গুজব না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে গোয়েন্দা বাহিনী কাজ করবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০১৯ উপলক্ষে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভাশেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন। 

শিক্ষামন্ত্রী বলেছেন, কোনোভাবে যেন প্রশ্ন ফাঁসের অভিযোগ না আসে সে লক্ষ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২ ফেব্রুয়ারি থেকে এবারের এসএসসিতে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

আর ব্যবহারিক পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ।  এবারও শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।