সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

সাবেক স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য মো. আবদুল হাইয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

রোববার রুলের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ ও মামলার স্থগিতাদেশ উঠিয়ে এ রায় দেন। এর ফলে আবদুল হাইয়ের বিরুদ্ধে মামলা চলবে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আসামি পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মো. খুরশিদ আলম।

একেএম আমিন উদ্দিন মানিক দেশ রূপান্তরকে জানান, স্ত্রীর নামে রাজউকের প্লট বরাদ্দ হলেও মিথ্যা হলফনামা দাখিল করে নিজ নামে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ২০১৬ সালের ৯ নভেম্বর আবদুল হাইয়ের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করে দুদক। ২০১৭ সালের ২৮ নভেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত- ৮ এ বিচারাধীন রয়েছে। গত বছরের ১০ মে হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ ও রুল জারি করেছিলেন।