অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার প্রথম তিন রাউন্ডে ছিলেন দুর্দান্ত। কিন্তু চতুর্থ রাউন্ডে এসেই শিকার হলেন অঘটনের। তরুণ স্তেফানোস সিসিপাসের কাছে হেরে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সুইস তারকা।
গ্রিক তরুণ সিসিপাস পেয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়। রোববার রাতে র্যাঙ্কিংয়ে ১৪তম স্থানে থাকা সিসিপাসের কাছে ৬-৭ (১১-১৩), ৭-৬ (৭-৩), ৭-৫, ৭-৬ (৭-৫) সেটে হেরেছে ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। সিসিপাস গড়েছেন দেশের হয়ে ইতিহাস। ফেদেরারকে হারিয়ে গ্রিসের প্রথম খেলোয়াড় হিসেবে পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে।
অস্ট্রেলিয়ান ওপেনের ছয় বারের চ্যাম্পিয়ন ফেদেরার শেষ ষোলো বছরে মাত্র দ্বিতীয়বারের মতো শেষ আটে উঠতে ব্যর্থ হলেন।
সিসিপাস গেল বছরই সুযোগ পেয়েছেন গ্র্যান্ড স্লামে খেলার। ফেদেরারকে হারিয়ে দেওয়ার পর এদিন তার চোখ মুখে ছিল বিস্ময়, ‘‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এখন। আমি এটি ভাষায় প্রকাশ করতে পারব না।’’
শেষ আটে সিসিপাস খেলবেন রবের্তো বারতিস্তা আগুতের বিপক্ষে। স্প্যানিশ তারকা বারতিস্তা শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে হারিয়ে শেষ আটে ওঠেন।