রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে ছুরিকাঘাত করেছেন স্থানীয়রা। রোববার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পাশে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলায় জড়িত একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় স্থানীয় এক যুবকের মাথায় আঘাত করে পালিয়ে যান কয়েকজন যুবক। এরপর মটরসাইকেলে কয়েকজন স্থানীয় যুবক ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের পাশে দাঁড়িয়ে ইমতিয়াজ আহমেদের গলায় ছুরিকাঘাত করে।
হামলাকারীদের একজন ইশতিয়াক আহমেদ রুমকে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরে ফেলেন। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে দফায় দফায় রুমেলকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা ।
এ সময় পুলিশের দুই সদস্যসহ দুজন সহকারী প্রক্টর আহত হন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম। কিছু সময় পর আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং পরিবেশ নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করি। বহিরাগতরা এভাবে ক্যাম্পাসে ঢুকে আক্রমণ করার ঘটনায় আমরা চিন্তিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের জোর দাবি বহিরাগতদের অবাধ চলাফেরা ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে।’
নগরীর মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব হোসেন বলেন, ‘ক্যাম্পাসে ঝামেলা হয়েছে এমন তথ্যও ভিত্তিতে আমরা বঙ্গবন্ধু হলে আসি। ছাত্রলীগের এক নেতা ওপর হামলা করে পালিয়ে যাওয়ার সময় রুমেল নামে এক স্থানীয় যুবককে আটক করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আটককৃত ওই যুবককে আমরা পুলিশি হেফাজতে নিয়ে আসি।’