শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা রফেজিয়া দাখিল মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বেলা ৩টার দিকে ওই শিক্ষার্থীর স্বজন ও স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ওই শিক্ষার্থীকে উদ্ধারকারী সমাজকর্মী আরিফুর রহমান মারুফ মৃধা বলেন, দুপুরে গাইড দেওয়ার কথা বলে মেয়েটিকে মাদ্রাসায় ডেকে নেন সাইফুল। মাদ্রাসায় গেলে সাইফুল কৌশলে মেয়েটিকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন।  মাদ্রাসার কাছেই ওই শিক্ষকের বাড়ি। মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরে রেখেই পালিয়ে যান সাইফুল। পরে স্থানীয়রা ওই বাড়িতে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত সাইফুলের বাবা মুঠোফোনে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। সে যদি দোষী হয়ে থাকে, তাহলে তার শাস্তি নিশ্চিত করা হোক।’ রফেজিয়া দাখিল মাদ্রাসার সুপার আলতাফ হোসেন জানান, এ বিষয়ে মাদ্রাসা কমিটি ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাকিল তানভীর বলেন, প্রাথমিক আলামতে মেয়েটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে। পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।