জমিতে ইঁদুর ও পোকা-মাকড় দমনে দেওয়া গ্যাস ট্যাবলেটের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে কৃষক আব্দুস সালামকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখতে গিয়ে কলেজ পড়ুয়া ছেলে মো. রফিকুল ইসলাম (২৩) অসুস্থ হয়ে মারা যান।
ঘটনাটি ঘটেছে রোববার রাতে নাটোর সদর উপজেলার পার হাসলা গ্রামে।
প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মো. আব্দুর রাজ্জাক লাকি জানান, পার হালসা গ্রামের কৃষক মো. আব্দুস সালাম তার আবাদি জমিতে ইঁদুরসহ পোকা-মাকড় দমনে রোববার সকালে গ্যাস ট্যাবলেট দেন। গমের জমিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে দুপুরে বাড়িতে আসার পর মো. আব্দুল সালাম বিষক্রিয়ায় হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে স্থানীয় হালসা বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যায়।
আব্দুস সালামের শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সন্ধ্যার পরে তার ছেলে মো. রফিকুল ইসলাম বাড়ি থেকে খাবার নিয়ে বাবাকে দেখার জন্য হাসপাতালে যান।
সেখানে বাবাকে দেখার কিছুক্ষণ পরে রফিকুল ইসলামও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাকেও চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি করান।
রফিকুল ইসলামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
রাজশাহীতে নিয়ের যাওয়ার প্রস্তুতির সময় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। রফিকুল ইসলাম নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্র।
এদিকে ছেলের মৃত্যুর পর অসুস্থ বাবাকে ওই অবস্থায় হাসপাতাল থেকে রাতেই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।