৬ নারী ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সাভারে যাত্রীবাহী বাসে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় ৬ নারী ছিনতাইকারীকে আটক করে অন্যান্য যাত্রীরা। পরে তাদেরকে গণধোলাই দিয়ে সাভার মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো- মারুফা (৪৫), মিতু (২৫), মায়েরুন (২৬), কমলা (২৬), ফরিদা (৫০), বানেছা (৪০) ও জামেলা (৩৫)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাছিরনগর থানার ডরমন্ডল গ্রামের বাসিন্দা।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী বাসযাত্রীরা বলেন, একটি যাত্রীবাহী বাসের মধ্যে বসে থাকা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিচ্ছিল যাত্রীবেশী ৬ নারী ছিনতাইকারীরা। তবে বিষয়টি টের পেয়ে অন্যান্য যাত্রীরা সংঘবদ্ধ চক্রটির ৬ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন। পরে তাদেরকে গণধোলাই দিয়ে সাভার মডেল থানায় হস্তান্তর করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান বলেন, গণধোলাইয়ের শিকার ৬ নারী ছিনতাইকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।