আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধে অবদান রাখা আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে তারা মানুষের ভোটাধিকার লুট করেছে।

নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি তিনি বলেন, ডাকাতির নির্বাচন জনগণ মানে না।

সোমবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চর খোলাই ঘাট এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত বিএনপি কর্মী তোজাম্মেল হক এর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব বলেন মির্জা ফখরুল। এ সময়  জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আস.ম আব্দুর রব. বঙ্গবীর কাদের সিদ্দীকি, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি ওই এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরও বলেন, ভোট দেওয়ার অপরাধে আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে, ধর্ষণের শিকার হতে হয়েছে মা-বোনদের। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোটের আগের রাতে ব্যালট বাক্সে সিল মেরে ভোটবাক্স ভর্তি করেছে, ভোটের দিন সন্ত্রাস ও ডাকাতি করেছে। জনগণের অধিকার কেড়ে নিয়ে সরকার বিজয় উৎসব করছে। আওয়ামী লীগ আজ গণশত্রুতে পরিণত হয়েছে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দীকি বলেন, শেখ হাসিনা নির্বাচনের আগের রাতে ভোট চুরি করেছে আর ভোটের দিন সন্ত্রাস ও ডাকাতি করেছে। ভোট চুরি করে সরকার ভূরিভোজ করেছে বলে অভিযোগ করেন তিনি। 

সমাবেশে আ স ম আব্দুর রব বলেন, নতুন প্রজন্মের ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ সময় তিনি বিএনপি কর্মী তোজাম্মেল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।