ছোটপর্দা ও বড় পর্দা-দুই মাধ্যমেই কাজ করেন ফারজানা রিক্তা। ‘কার্তুজ’খ্যাত এই চিত্রনায়িকা হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে বেশ ঝামেলায় পড়েছেন। দেশ রূপান্তরকে রিক্তা জানান, তার নামে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তবে এই অ্যাকাউন্ট-এর মধ্য থেকে একটি অ্যাকাউন্ট নিজেকে নতুন আইডি হিসেবে জাহির করে সবাইকে মেসেজ পাঠাচ্ছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। অনেকেই রিক্তার নতুন আইডি মনে করে এটাকে গ্রহণ করছেন আইডিটি।
রিক্তা বলেন, ‘আজ সারা দিন আমার কাছে অনেক ফোন, এসএমএস, এসেছে এই আইডিটার জন্য, আমার পরিচিত বন্ধু, ভাই,বোন, কলিগদের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে। খুব জ্বালাচ্ছে আইডিটা।’
তিনি ফেসবুকে ওই আইডির লিংক দিয়ে লিখেছেন, ‘কেউ এটি গ্রহণ করবেন না। এই আইডি দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে আমি দায়ী থাকব না।’
কে বা কারা এই আইডি চালু করেছে তা তিনি ধরতে পেরেছেন কিনা জানতে চাইলে ফারজানা রিক্তা বলেন, ‘না। এখনো ধরতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘জীবনে প্রথমবারের মতো এমন ঘটনার মুখোমুখি হলাম। বিভিন্ন সেলিব্রেটিদের মেসেজ দিয়ে বলছে সেটা নাকি আমি। অনেক তারকা আমাকে ফোন দিয়েছে যে ওই আইডিটা আমি কিনা। এ রকম ঘটনা এর আগে কখনোই আমার সঙ্গে ঘটেনি। খুব বিপদে আছি।’