স্ত্রীর সন্দেহভাজন প্রেমিককে ধরতে গিয়ে ময়মনসিংহে স্বামী বোরকা পরে পরীক্ষাকেন্দ্রে গিয়ে ধরা পড়েছেন নিজেই। তার স্ত্রীসহ উভয়কেই পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়।
সোমবার সকালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বলেছেন, এ ঘটনায় আটক মাহমুদুল হাসান (২৮) ও জুলেখা খাতুন (২৫) পুলিশকে এসব তথ্য দিয়েছেন।
ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে সোমবার মাহমুদুল হাসান পুলিশকে বলেছেন, তার বাড়ি শেরপুর জেলায়। জামালপুরের আইবিএ কলেজে করণিক পদে চাকরি করেন তিনি।
তিনি জানিয়েছেন, সাত বছর প্রেমের পর জুলেখা খাতুনের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধেন। এরপর বেশ ভালোভাবেই চলছিল তাদের সংসার।
মাহমুদুল হাসান পুলিশকে জানিয়েছেন, হঠাৎ একটি মোবাইল ফোনের কলে ঘটে যায় বিপত্তি। তিনি সন্দেহের চোখে দেখতে থাকেন স্ত্রী জুলেখাকে। স্ত্রীর অনার্স মৌখিক পরীক্ষা থাকায় একসঙ্গে ট্রেনে চেপে সোমবার জামালপুর থেকে ময়মনসিংহ শহরে আসেন।
তার বরাত দিয়ে ডিবি পুলিশ আরো জানিয়েছে, রিকশায় করে স্ত্রীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ময়মনসিংহের আনন্দমোহন কলেজ গেটে নামিয়ে দোকান থেকে বোরকা কিনে ছদ্মবেশে কলেজে প্রবেশ করেন মাহমুদুল।
পুলিশ জানিয়েছে, বোরকা পরে পুরুষের বাথরুম থেকে নারী বের হওয়ায় সন্দেহ হয় কলেজ কর্তৃপক্ষের। পরে তারা পুলিশে খবর দিলে মাহমুদুল হাসানকে আটক করা হয়।
ওসি শাহ কামাল বলছেন, তারা দু’জনেই আমাদের হেফাজতে রয়েছেন। তাদের মোবাইল ফোনও ট্র্যাক করা হচ্ছে। এরপর তাদের অভিভাবকদের ডেকে এনে কথা বলা হবে।