লক্ষ্মীপুরের কমলনগরে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার করুণানগর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত হওয়ার পর পলাতক রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক তিনটি প্রতারণা মামলায় (অর্থ জালিয়াতি) আদালত কর্তৃক আড়াই বছরের সাজাপ্রাপ্ত পলাতক ছিলেন রাজু। এ ছাড়াও তার বিরুদ্ধে আদালতে কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।