২২ খালের দখল উচ্ছেদের দাবিতে কেসিসি মেয়রকে স্মারকলিপি

খুলনা মহানগরীর ময়ূর নদীসহ সংযুক্ত ২২ খালের অবৈধ দখল উচ্ছেদ ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সংগঠনের সভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা করেন সহসভাপতি মো. নিজাম-উর রহমান লালু, মহাসচিব শেখ আশরাফ-উজ জামান, আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম দাউদ আলী, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, সুজন জেলা সম্পাদক কুদরত-ই-খুদা, খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন নাজমুল আহমেদ স্বপন, সিপিবির নগর সভাপতি এইচ এম শাহাদত হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, ন্যাপের তপন কুমার রায়, সুজন মহানগর সভাপতি আলহাজ লোকমান হাকীম প্রমুখ।

সংগঠনের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান বাবু, আফজাল হোসেন রাজু এবং মো. মিজানুর রহমান জিয়ার পরিচালনায় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী নেতারা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একই দাবিতে আজ (মঙ্গলবার) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।