১ বছর ৪ দিন পর শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষ হয়েছে গত রবিবার। হয়েছে ছয়টি ম্যাচ। জয়-পরাজয় দেখেছে এর প্রতিটিই। বড় দলগুলো কাক্সিক্ষত জয়ও পেয়েছে নিজ নিজ ম্যাচে। তবে প্রথম ছয়টি ম্যাচে চোখ রাখলে মিলবে ময়দানি উত্তেজনার ইঙ্গিত। অপেক্ষাকৃত কম শক্তির দলগুলোও ছেড়ে কথা বলেনি কোনো ম্যাচেই। তাই তো প্রতিটি ম্যাচেই ‘বড়’রা জিতেছে ন্যূনতম ব্যবধানে।
প্রথম রাউন্ডে চারটি ম্যাচ হয়েছে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর অন্য দুটি ময়মনসিংহে। বিগত এক দশকের লিগের ম্যাচগুলোতে বিদেশিদের একচ্ছত্র আধিপত্য। গোলে বরাবরই এগিয়ে তারা। তবে এবারের লিগের প্রথম রাউন্ড আশা জাগাচ্ছে দেশি ফুটবলারদের মধ্যে। এই ছয় ম্যাচে মোট গোল হয়েছে ১২টি। যার ছয়টি স্থানীয়দের। বাকি ছয়টি বিদেশিদের পা থেকে এসেছে। উদ্বোধনী ম্যাচে আবাহনীর দুটি গোলই করেছেন দুই স্থানীয় ফরোয়ার্ড। রুবেল মিয়া আবাহনীকে এগিয়ে নেওয়ার পর নোফেলকে সমতায় ফেরান কামরুল ইসলাম। এরপর বদলি স্ট্রাইকার ফয়সাল আহমেদ শীতল করেন জয়সূচক গোল। একইভাবে ১৯ জানুয়ারি সাইফ-রহমতগঞ্জের ম্যাচেও হওয়া তিনটি গোলই এসেছে স্থানীয়দের পা থেকে। সাইফের হয়ে গোল দুটি করেন জাভেদ খান ও মেহেবুব হাসান নয়ন। রহমতগঞ্জের একমাত্র গোলটি ফয়সাল আহমেদের। এছাড়া বিদেশিদের মধ্যে গোল পেয়েছেন বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াস, চট্টগ্রাম আবাহনীর কিরগিজ মার্কসম্যান মাগালান আওয়ালা, শেখ রাসেলের উজবেক ফরোয়ার্ড আলিশের আজিজভ এবং মোহামেডানের হয়ে জোড়া গোল করেন নাইজেরিয়ান কিংসলে চিগোজি।
ছয়টি ম্যাচে বড় দলগুলো জয় পেলেও সেগুলো সহজে আসেনি। জয়ের জন্য লড়তে হয়েছে শেষ মিনিট পর্যন্ত। এমন প্রথম রাউন্ডের পর স্বভাবতই দ্বিতীয় রাউন্ড নিয়ে আগ্রহ বেড়ে যাওয়ার কথা। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনই হবে এই লিগের সেরা ম্যাচের একটি। নীলফামারী স্টেডিয়ামে ছয়বারের শিরোপাজয়ী ঢাকা আবাহনী মুখোমুখি হবে কাগজে-কলমে সবচেয়ে সমৃদ্ধ দল বসুন্ধরা কিংসের। চলতি মৌসুমের দুবারের দেখায় রয়েছে সমতা। আবাহনী ফেডারেশন কাপের ঘটনাবহুল ফাইনালে বসুন্ধরাকে হারিয়ে শিরোপা স্বাদ নিয়েছে। আর স্বাধীনতা কাপের সেমিফাইনালে বসুন্ধরা আবাহনীকে হারিয়েই উঠেছিল ফাইনালে। পরে শেখ রাসেলকে হারিয়ে সেই শিরোপাও জিতেছে দলটি। সেদিনই গোপালগঞ্জে শেখ জামাল খেলবে স্বাগতিক মুক্তিযোদ্ধার বিপক্ষে।
২৪ জানুয়ারি ঢাকায় বিজেএমসির মুখোমুখি হবে সাইফ আর নোয়াখালীতে স্বাগতিক রহমতগঞ্জের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। পরের দিন ময়মনসিংহে স্বাগতিক হিসেবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরামবাগ লড়বে মোহামেডানের বিপক্ষে। আর ঢাকায় ব্রাদার্স লিগ শুরু করবে শেখ রাসেলের বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে বিরতি থাকবে নোফেলের।