রুশ জলসীমায় দুই জাহাজে আগুনে ১১ জনের মৃত্যু

রাশিয়ার সমুদ্র সীমানায় দুটি জাহাজে আগুন লেগে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহত ক্রুরা ভারত, তুরস্ক ও লিবিয়ার নাগরিক বলে জানা গেছে। দুটি জাহাজেই তানজানিয়ার পতাকা উড়ছিল।

এনডিটিভি জানায়, সোমবার তেল দেওয়া-নেওয়া করতে গিয়ে এ দুই জাহাজে আগুন লাগে।

জাহাজ দুইটির একটির মধ্যে তরল গ্যাস ছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে আরটি নিউজ জানায়, জাহাজটিতে ১৭ জন ক্রু ছিলেন। এরমধ্যে আটজন ভারতীয় আর বাকিরা লিবিয়া ও তুরস্কের নাগরিক। এদের মধ্যে ১১ জন মারা গেছেন।

রুশ প্রশাসনের মুখপাত্র জানায়, প্রথমে একটি জাহাজে বিস্ফোরণ ঘটে। এরপর দুই জাহাজেই আগুন ছড়িয়ে পড়ে। বিপদ বুঝতে পেরে বেশ কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দেন।

সমুদ্রে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে সমস্যা দেখা দিয়েছে। এমনকি ক্রুদের উদ্ধার করার পর  হাসপাতালে নিয়ে যেতেও সমস্যা হচ্ছে বলে জানা গেছে।