চকরিয়ায় অপহরণের পরদিন নদীতে শিশুর মৃতদেহ, নারী আটক

কক্সবাজারের চকরিয়ায় অপহরণের একদিন পর এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মাতামুহুরী ব্রিজের নিচ থেকে আড়াই বছর বয়সী শিশু ওয়াসিয়ার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে আটক মুন্নী আক্তার চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বাটাখালীর খোন্দকার পাড়ার খলিলুর রহমানের মেয়ে। নিহত শিশু মো. ওয়াসিয়া চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার সাহাবউদ্দিনের ছেলে। ওয়াসিয়া সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল।

চকরিয়া পৌরসভার কাউন্সিলর মো. রেজাউল করিম বলেন, সোমবার বিকেলে ওয়াসিয়া তার বোনের সঙ্গে খেলছিল। এ সময় মুন্নি ওয়াসিয়াকে চিপসের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। মঙ্গলবার সকালে মাতামুহুরী ব্রিজের নিচে শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর পাঠানো হয়। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শিশু নিখোঁজের অভিযোগ পেয়ে আমরা সারা রাত বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। মঙ্গলবার সকালে মাতামুহুরী নদীর ব্রিজের নিচে মৃতদেহ পাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া আটক মুন্নি আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।