পূরণ হচ্ছে বুলবুলের শেষ ইচ্ছে

আহমেদ ইমতিয়াজ বুলবুল। বীর মুক্তিযোদ্ধা, সংগীত পরিচালক ও গীতিকার। নানা গুণে গুনান্বিত এ কিংবদন্তি শিল্পী এখন পরলোকের বাসিন্দা। আহমেদ ইমতিয়াজ বুলবুলের শেষ ইচ্ছে ছিল তাকে যেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। বুলবুলের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে মিরপুরেই সমাহিত করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা যায়, ২৩ জানুয়ারি, বুধবার তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে সমাহিত করা হবে। বাদ আসর তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ।

তিনি আরও জানান, বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হবে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত সেখানে রাখা হবে। সর্বস্তরের মানুষ এখানে তাকে চিরবিদায় জানাতে পারবেন। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বিএফডিসিতে বুলবুলের মরদেহটি নেওয়া হবে।

উল্লেখ্য ২২ জানুয়ারি ভোর ৪টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল। পরে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (আয়েশা মেমোরিয়াল) নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।