না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। ২২ জানুয়ারি ভোর ৪টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুল। পরে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (আয়েশা মেমোরিয়াল) নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সকাল থেকেই ফেসবুকে ভক্ত অনুরাগীরা নানা পোস্টে তাকে স্মরণ করছেন, তাকে স্মরণ করে আবেগী স্ট্যটাটাস দিয়েছেন তারকারাও। যেন কাঁদছে পুরো ফেসবুক। তারকাদের কিছু স্ট্যাটাস পাঠকদের জন্য তুলে ধরা হলো-
মুশফিকুর রহমান গুলজার: আহমেদ ইমতিয়াজ বুলবুল একজন অত্যন্ত গুণী ও মেধাবী সঙ্গীত পরিচালকের নাম। আমার প্রথম পরিচালিত ‘সুখের ঘরে দুখের আগুন’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। আমি একজন নবীন পরিচালক হিসাবে তার অনেক সহযোগিতা পেয়েছি। এরপর আমার আর মৌসুমীর যৌথ পরিচালিত ‘মেহের নেগার’ চলচ্চিত্রেরও দু’টি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছিলেন তিনি। তার লেখা গানের কথা ও সুর অসাধারণ ও মর্মস্পর্শী। তিনি মূলত চলচ্চিত্রের গানের মাধ্যমে আকাঁশ ছোয়াঁ খ্যাতি ও জনপ্রিয়তা পেয়েছেন। তার গান আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। তাই আমাদের চলচ্চিত্রাঙ্গন তার কাছে ঋণী থাকবে। আমি তার আত্মার শান্তি কামনা করছি।
রিয়াজ: বীর মুক্তিযোদ্ধা, আলোকিত দেশপ্রেমিক, সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই, কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা আপনার বিদেহী আত্মার প্রতি। আজকের রিয়াজের ‘রিয়াজ’ হয়ে ওঠার পেছনে আপনার অবদান অনেক। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আপনাকে দিলাম, হৃদয়ের মণিকোঠায় আপনার ছবি রেখে দিলাম।
শাকিব খান: বীর মুক্তিযোদ্ধা, দেশ বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার চলে যাওয়ায় বাংলা সংগীতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। গুণী এই মানুষটির মৃত্যুতে জানাই গভীর শোক। ওপারে ভালো থাকবেন অসংখ্য কালজয়ী গানের রূপকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
শওকত আলী ইমন: একে একে সবাইতো চলে যাচ্ছেন। তবুও আপনার কি এতই তাড়া ছিল! আমাকে প্রায়ই বলতেন ‘ইমন তোর সাথে আমার অনেক কথা আছে’। কই কথাগুলো তো বলে গেলেননা বুলবুল ভাই। আপনি ছিলেন আমার গুরু, আমার শিক্ষক, আমার সব ভাল কাজের উৎসাহ প্রেরণকারী বটবৃক্ষ। আপনি এ দেশের জন্য যা দিয়ে গেছেন, যতদিন এ জাতি বেঁচে থাকবে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সবার হৃদয়ে বুলবুল ভাই। অনেক পেয়েছি, শিখেছি আমিও আপনার কাছ থেকে। কত শত দিন-রাত পার করেছি স্টুডিওতে আপনার সাথে। নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন আজীবন, সবই এখন স্মৃতি। আল্লাহ আপনাকে বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে অভিসিক্ত হোন। আমিন।
সাইমন সাদিক: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আহমেদ ইমতিয়াজ বুলবুল একুশে পদক, রাষ্ট্রপতির পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। ১৯৭১ সালে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আহমেদ ইমতিয়াজ বুলবুল অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন।
ইমরান মাহমুদুল: অনেক বড় একটা দুঃসংবাদ দিয়ে সকাল শুরু! দেশ বরেণ্য সুরকার, গীতিকার, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল (স্যার) আমাদের মাঝে আর নেই!
বাপ্পী চৌধুরী: আরও একটি নক্ষত্র ঝরে পড়লো সংগীতের আকাশ থেকে। আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার, আমি একেবারে বাকরুদ্ধ! তিনি একজন মহান মুক্তিযোদ্ধা, একজন গুণী মিউজিশিয়ান, একজন অনবদ্য গীতিকার, একজন প্রখ্যাত সংগীত পরিচালক। সংগীতাঙ্গনে তার অবদানের জন্য তিনি একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তার অসংখ্য গান লাখ লাখ মানুষের মনে জায়গা করে নিয়েছে। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সৃষ্টিকর্তা তার আত্মাকে শান্তিতে রাখুন।
নিরব: আল্লাহ উনাকে শান্তিতে রাখুন। আমার সৌভাগ্য যে, উনার সাথে একটা মুভিতে কাজ করার সুযোগ হয়েছিল।
ন্যান্সি: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচা আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ পাক উনাকে জান্নাতবাসী করুন, আমিন।