রাকসু নির্বাচন

ছাত্র সংগঠনগুলোর নিবন্ধনপত্র ও সদস্য তালিকা আহ্বান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সংলাপে বসতে নিবন্ধিত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর গঠনতন্ত্র, দলীয় নিবন্ধনপত্র ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের তালিকা আহ্বান করা হয়েছে।

আগামী ২৩ থেকে ২৯ জানুয়ারির মধ্যে এসব তথ্য সংলাপ কমিটির সভাপতি ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের নিকট জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আয়োজিত সংলাপ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, সংলাপ কমিটির সভায় নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের ছাত্র সংগঠনগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরও জানান, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর কার্যনির্বাহী কমিটির সদস্যদের জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ফটোকপি এবং সদস্যদের নিজ নিজ বিভাগের সভাপতির প্রত্যয়নপত্রসহ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে পর্যায়ক্রমে আলোচনা করা হবে।

এর আগে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাকসু নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপের জন্য চার সদস্যের কমিটি করে দেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে আহ্বায়ক করা হয়। আজ সেই কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।