বেরোবিতে বিপাকে ২৫০ শিক্ষার্থী হলের ছুটি শেষ, ডাইনিংয়ের নয়!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শীতকালীন ছুটি শেষে আবাসিক হল খোলার ১৭ দিন পরও চালু হয়নি শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিং। এতে দুর্ভোগে পড়েছেন প্রায় ২৫০ আবাসিক শিক্ষার্থী।

শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের তিনটি হলই ১৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল। ৫ জানুয়ারি সব হল ও এর ডাইনিং খুলে দেওয়া হয়। তবে মুখতার ইলাহী হলের ডাইনিং বন্ধ থাকায় আবাসিক শিক্ষার্থীদের বঙ্গবন্ধু হলের ডাইনিং ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় গিয়ে খাবার খেতে হচ্ছে। চাহিদা বাড়ার সুযোগে পার্ক মোড়ের হোটেল মালিকরা খাবারের দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে খাবারের পেছনে বাড়তি খরচ করতে হচ্ছে শিক্ষার্থীদের।

মুখতার ইলাহী হলের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, ‘খাবারের পেছনে অতিরিক্ত খরচ করা আমাদের এবং অভিভাবকদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কর্র্তৃপক্ষ দ্রুত ডাইনিং চালুর পদক্ষেপ নেবেন বলে আশা করি।’

ডাইনিং বন্ধের কারণ জানতে চাইলে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মো. ফেরদৌস রহমান বলেন, ‘নানা কারণে ডাইনিং আপাতত চালু করা সম্ভব হচ্ছে না। হলের তহবিলে পর্যাপ্ত টাকা না থাকায় কয়েক মাস ধরে কর্মচারীদের বেতন পরিশোধ করা যাচ্ছে না। এজন্য তারা কাজ করতে অনীহা প্রকাশ করছে। এছাড়া শিক্ষার্থীরা অনেকেই হলের ডাইনিংয়ের খাবার খেতে চায় না এবং সময় মতো বকেয়া পরিশোধ করে না। এসব কারণেই ডাইনিং চালু করা সম্ভব হচ্ছে না।’

এ বিষয়ে মুখতার ইলাহী হল শাখা ছাত্রলীগের সভাপতি হাসান আলী বলেন, ‘ছাত্রলীগের পক্ষ থেকে বারবার প্রভোস্টকে ডাইনিং চালুর জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি ডাইনিং চালুর ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেননি।’