দেশের সর্ব-উত্তরে পঞ্চগড় জেলা। তার পাশের জেলাটির নাম নীলফামারী। শীত মৌসুমে উত্তরবঙ্গের জেলাগুলো হার মানায় দেশের অন্য জেলাগুলোকে। এ সময়টায় নীলফামারীতে কনকনে শীত। তবে এই কনকনে শীতে গনগনে এক ফুটবল ম্যাচের প্রত্যাশা নিয়ে আজ স্থানীয় শেখ কামাল স্টেডিয়ামে উপস্থিত হবে ফুবটলভক্তরা। আজ যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে মর্যাদার ম্যাচটি মঞ্চায়ন করবে এই স্টেডিয়াম। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী মুখোমুখি হবে শিরোপাপ্রত্যাশী বসুন্ধরা কিংসের। যে ম্যাচের মধ্য দিয়ে ১৪তম ভেন্যু হিসেবে পেশাদার লিগের অভিষেক হতে যাচ্ছে এই স্টেডিয়ামের। ম্যাচটা শুরু হবে বেলা ৩টায়। আজই গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে একই সময়ে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ লড়বে বর্তমান রানার্সআপ শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে।
লিগে যেহেতু অভিষেক সেহেতু এই ম্যাচ নিয়ে স্থানীয়দের উন্মাদনার কমতি নেই। এর মধ্যেই বিক্রি হয়ে গেছে গ্যালারির সব টিকিট। আর অভিষেকে স্বাগতিক বসুন্ধরা জয়টাই স্থানীয়দের প্রত্যাশা। যদিও ঐতিহ্যবাহী দল হিসেবে ঢাকা আবাহনীর ভক্তসংখ্যাও কম থাকবে না।
এই ম্যাচ ঘিরে অন্যরকম রোমাঞ্চ হওয়ার বিশেষ আরেকটি কারণও আছে। ফেডারেশন কাপের ঘটনাবহুল ফাইনালে আবাহনী হারিয়েছিল বসুন্ধরাকে। সেই হারের প্রতিশোধ তারা নেয় স্বাধীনতা কাপের সেমিফাইনালে জিতে। এরপর ফাইনালে শেখ রাসেলকে হারিয়ে শিরোপা স্বাদও নেয় তারা। তাছাড়া দু’দলই জয় দিয়ে শুরু করেছে লিগ। কাগজে-কলমে সেরা দু’দল তাই এই জয়ের ধারা অব্যাহত রাখতে থাকবে মরিয়া। তেমনটাই বলেছেন দুই দলের দুই ইউরোপিয়ান কোচ। বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেন, ‘মৌসুমের শুরু থেকেই দুই দলের মধ্যে একরকম প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সেটা যে যেভাবেই দেখুক, আমি এই ম্যাচ জিতে আবাহনীর রাজত্বে ভাগ বসাতে চাই।’ আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস বলেছেন, ‘দুই দলের জন্যই ম্যাচটা কঠিন হবে। তবে আমরা জয়ের জন্যই খেলব। জিততে হলে কঠিন হার্ডল পার করতে হবে।’