ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন
মোস্তাফিজুর রহমান। একদিনের ক্রিকেটে ২০১৮ সাল দারুণ কাটিয়েছেন বাঁহাতি পেসার। তারই স্বীকৃতি পেলেন আইসিসির ওয়ানডে বিশ্বসেরা একাদশে জায়গা করে নিয়ে। গতকাল বিরাট কোহলিকে অধিনায়ক করে বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি।
গত বছর মোস্তাফিজ ১৮টি ওয়ানডে খেলে ২১.৭২ গড়ে নেন ২৯ উইকেট। ইকোনমি রেট ছিল ৪.২০। এশিয়া কাপে করেছিলেন দারুণ পারফরম্যান্স। বছরের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় যৌথভাবে ছিলেন ছয় নম্বরে। তবে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে গত বছর শীর্ষ উইকেটশিকারি তিনিই। এর আগে ২০১৫ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন এই কাটার মাস্টার।
এবারের আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে অবশ্য আধিপত্য বিস্তার করেছে ভারতীয় এবং ইংল্যান্ডের ক্রিকেটাররা। একাদশে চারজন করে খেলোয়াড় আছেন এই দুটি দেশের।
আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল
রোহিত শর্মা (ভারত), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), বিরাট কোহলি (অধিনায়ক, ভারত), জো রুট (ইংল্যান্ড), রস টেলর (নিউজিল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), কুলদীপ যাদব (ভারত), জাসপ্রিত বুমরাহ (ভারত)।