রাস্তা পরিত্যক্ত দেখিয়ে মার্কেট নির্মাণ

ডিএসসিসির ৪৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেনের (ডিএসসিসি) সাবেক প্রশাসক ও অতিরিক্ত সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) খলিলুর রহমানসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাস্তা পরিত্যক্ত দেখিয়ে ইজারা দিয়ে মার্কেট নির্মাণে সহযোগিতা করায় এই মামলা করা হয়। গতকাল মঙ্গলবার দুদকের উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন।

এজাহারে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে মিথ্যা তথ্য দিয়ে অন্যায়ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ডিএসসিসির ১৯৮০ বর্গফুট রাস্তা (আবেদনকারীরা প্রত্যেকে ৪৫ বর্গফুট) বরাদ্দ দেয়। যা ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

আরও বলা হয়, আসামিরা টিকাটুলী বলধা গার্ডেনের পশ্চিম পাশের সীমানা সংলগ্ন স্থানে নিজ খরচে দোকান নির্মাণের আবেদন করেন। আবেদনে বলা হয়, পরিত্যক্ত জায়গায় এক ব্যক্তি গ্যারেজ নির্মাণ করে ব্যবসা করছে। কিন্তু ওই জায়গা ছিল সিটি করপোরেশনের রাস্তা। যা কোনোভাবেই ইজারা দেওয়ার বিধান নেই। আসামিরা বিষয়টি আগে থেকে জানায় আবেদন করার সময় জমির দাগ ও খতিয়ান নম্বর গোপন রাখে। আবেদনপত্র গ্রহণ করে প্রশাসক ও অতিরিক্ত সচিব খলিলুর রহমান তদন্ত করে প্রতিবেদনসহ উপস্থাপন করার জন্য প্রধান সম্পত্তি কর্মকর্তাকে নির্দেশ দেন। সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, প্রধান সম্পত্তি কর্মকর্তা (অতি. দায়িত্ব) বিলাল হোসেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সুলতান উল ইসলাম চৌধুরী প্রতিবেদনে একমত হয়ে সই করে নথিপত্র প্রশাসকের কাছে উপস্থাপন করেন। খলিলুর রহমান প্রস্তাব অনুমোদন করলে ৪৪ আবেদনকারীর অনুকূলে বরাদ্দপত্র জারি করে দখল বুঝিয়ে দেয় ডিএসসিসি। আসামিদের মধ্যে আছেন তাসাব্বির হোসেন, মো. শহিদুল হাসান (সাগর), মো. গিয়াস উদ্দিন, সারোয়ার হাসান (আলো), এ এস এম এ কাদের, ফাহমিদা আক্তার কুমকুম, সুরাইয়া আক্তার, ফারিয়া আক্তার নিশা, মো. ফরহাদ হোসেন, নজরুল ইসলাম (বিপ্লব), মফিজুর রহমান পাভেল, ফারুক হোসেন, মানিক মানবিক, আব্দুল আজিজ, প্রাণতোষ চন্দ্র সরকার, হাবিবুল হক, এহেসান উদ্দিন সাহিন, হাফিজ উদ্দিন (পাবেল), আমিনুল ইসলাম, রফিকুল বারী চৌধুরী, এনামুল হক, আ. হাদি, হাজী আবুল হোসেন, ইকবাল হাওলাদার, মো. মনিরুজ্জামান, বর্তমান কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, রশিদুল হক ভুইয়া, আকলিমা মালেক নিপা, ইলিয়াস হোসেন, নজরুল ইসলাম, নার্গিস ইসলাম, শফিকুল ইসলাম, আবিদ রশিদ, আনোয়ার পারভেজ, হাজী মো. আরমান, জামিল আহমেদ চিশতী, সালেহ মোহাম্মদ কবির, বাতেনুর হক বাঁধন, রানা, সুনীল চন্দ্র পাল, মোকলেসুর রহমান, নুরজাহান বেগম, এহসানুল আলম। ডিএসসিসির কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সম্পত্তি বিভাগের সার্ভেয়ার (বরখাস্ত) মুহাম্মদ মুরাদ হোসেন, মুহাম্মদ বাচ্চু মিয়া, সাবেক সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম (বর্তমানে উপ-সচিব ও উপ প্রকল্প পরিচালক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউরেশন সেন্টার প্রকল্প, বাংলাদেশ হাই টেক পার্ক কর্র্তৃপক্ষ), সাবেক প্রশাসক ও অতিরিক্ত উপ-সচিব (অবসরপ্রাপ্ত) মো. খলিলুর রহমান।