সীমান্তে দুই বাংলাদেশি হত্যার ঘটনায় বিএনপির উদ্বেগ

বিগত চার দিনে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে দুজন নিরীহ বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ধরনের নির্মম হত্যাকাণ্ড বন্ধ করার জোরালো আহ্বান জানান তিনি। গতকল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘সীমান্তে বাংলাদেশি হত্যা অব্যাহত আছে। গত কয়েক বছর আগে সরকারের সঙ্গে ভারতের এক বৈঠকের পর বলা হয়েছিল, এখন থেকে আর সীমান্ত এলাকায় বাংলাদেশিদের হত্যা করা হবে না। কিন্তু বাস্তবে এই সিদ্ধান্তের কোনো প্রতিফলন দেখা যায়নি। তিনি বলেন, দশকের পর দশক ধরে বাংলাদেশিদের হত্যার ধারাবাহিকতা এখন পর্যন্ত পুরোদমে চলছে। বাংলাদেশ সরকার সীমান্তে রক্ত ঝরানো বন্ধ করতে পারেনি।

ড্যাবের আহ্বায়ক কমিটি গঠনে ৯ সদস্যের নাম চূড়ান্ত :বিএনপি-সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব ) কমিটি ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে আহ্বায়ক কমিটি গঠন করার জন্য ৯ সদস্যের নাম চূড়ান্ত করা হয়েছে। এই তালিকা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এর মধ্য থেকে তিনি তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করবেন। গতকাল মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ড্যাবের সদস্যরা বসে এই ৯ সদস্যের নাম চূড়ান্ত করেন। 

তারা আহ্বায়ক হিসেবে ড্যাবের বর্তমান মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব নেতা ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. শহীদ হোসেনের নাম রাখা হয়েছে। সদস্য সচিব রফিকুল কবির লাবু, রফিকুল ইসলাম বাচ্চু ও ওবায়দুল কবিরের নাম রাখা হয়েছে।

ট্রেজারার হিসেবে রাখা হয়েছে ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. জহিরুল ইসলাম ও ডা. মহিউদ্দিন ভূঁইয়াকে। এর মধ্য থেকে তিন সদস্যের যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে তাদের আগামী চার মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. এ কে এম আজিজুল ইসলাম, মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ডা. সিরাজুল ইসলামসহ ড্যাবের জ্যেষ্ঠ নেতারা।