কাদেরের দৌড়াদৌড়ি ফটোসেশনেই সীমাবদ্ধ : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রতিদিন দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সারা দেশে দৌড়াদৌড়ি করছেন। ওবায়দুল কাদেরের দৌড়াদৌড়ি কেবল ফটোসেশনে সীমাবদ্ধ।

গতকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে তিনি বলেন, পত্রিকার পাতা খুললেই দেখা যায় সড়কে মৃত্যুর মিছিল।

স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রাণ অকালে ঝরে পড়ছে। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত হচ্ছে ২০ জন। কাদেরকে সর্বকালের ব্যর্থ সড়কমন্ত্রী অভিহিত করে রিজভী বলেন, যেহেতু মন্ত্রণালয় চালাতে তিনি ব্যর্থ, তার নেতৃত্বের কারণে সড়কে শুধু লাশের ছবি; সেহেতু তার উচিত এই মুহূর্তে পদ থেকে সরে দাঁড়ানো।

নিরাপদ সড়ক দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সরকার যেসব পদক্ষেপ নিয়েছিল সেগুলো প্রহসনে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘রাজধানীতে একদিকে তীব্র ট্রাফিক জ্যাম, অন্যদিকে পরিবহন নৈরাজ্যে অতিষ্ঠ মানুষ।

সড়ক ও পরিবহনমন্ত্রী প্রতিদিন বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করেন। তিনি গণপরিবহনে নৈরাজ্য ও অকালে হাজার হাজার প্রাণ ঝরে যাওয়া রোধ করতে ব্যর্থতার জবাব দেবেন কি?’