প্রধানমন্ত্রী ও স্পিকারকে ইরানের রাষ্ট্রদূতের অভিনন্দন

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এ দেশের জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইরান আইপিইউ ও পিইউআইসির সদস্য রাষ্ট্র। ইরান গণতন্ত্রের অগ্রযাত্রা ও জনগণের মৌলিক লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। সাক্ষাৎ শেষে স্পিকার সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, নারী ক্ষমতায়ন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার গঠন এবং সংসদীয় রীতি-পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।