একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। আর পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে আগামী ৮ অথবা ৯ মার্চ। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, আমরা এর আগে ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনসহ সার্বিক বিষয় বিবেচনা করে এই তফসিল এগিয়ে এনে আগামী ৩ ফেব্রুয়ারি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসি সচিব বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৮ অথবা ৯ মার্চ। আর দ্বিতীয় ধাপে ১৮ মার্চ , তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোট হবে ঈদের পর। দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টিতে এই ভোট হবে। বাকি ১২টির ভোট হবে মেয়াদপূর্ণ হওয়া সাপেক্ষে।