মালিতে অন্তত ২০ হাজার অপহৃত মেয়ের সন্ধান পেয়েছে নাইজেরিয়ার একটি সংস্থা। তাদের অধিকাংশকেই কাজের লোভ দেখিয়ে ফুসলিয়ে নিয়ে এসে বন্দি করে রাখা হয়েছে।
নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রোহিবিশন অব ট্র্যাফিকিং ইন পার্সনের (ন্যাপটিপ) ডিরেক্টর জেনারেল জুলি ওকাহ-ডনলি বিবিসিকে একথা বলেন।
তিনি বলেন, ‘আমরা এসব অপহৃত মেয়েদের সম্পর্কে জানতে পাই এবং তাদের সন্ধানের জন্য মালিতে টিম পাঠাই।’
ওকাহ-ডনলি বলেন, ‘এসব মেয়েদের অধিকাংশকেই মালয়েশিয়ায় কাজের লোভ দেখিয়ে নিয়ে মালিতে নিয়ে যাওয়া হয়েছে। বাকি মেয়েদের স্কুলে আসা-যাওয়া বা চলাফেরার পথ থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।’
তিনি জানান, নাইজেরিয়ার সরকার, মালি সরকার এবং আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) সঙ্গে এসব মেয়েদের উদ্ধার ও পুনর্বাসনের জন্য কাজ করছে ন্যাপটিপ।
অপহৃত এসব নারীদের ‘ক্রীতদাসের’ মতো করে রাখা হয়েছে। মালি ছাড়াও নাইজেরিয়া থেকে মেয়েদের অন্যান্য প্রতিবেশী দেশেও পাচার করা হয়। তবে কত সংখ্যক মেয়েকে ওইসব দেশে পাচার করা হয়েছে, সেটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
ওকাহ-ডনলি বলেন, ‘এ জন্য আমরা ঘানা ও সেনেগালে যাওয়ার কথা ভাবছি।’