হাসপাতালে সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলী

সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলী অসুস্থ। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তাকে মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে স্ত্রী ফারজানা মিমি জানান, আলাউদ্দীন আলীকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

আলাউদ্দীন আলী একাধারে সংগীত পরিচালক, সুরকার, বেহালাবাদক ও গীতিকার। গান লিখে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বহু স্বনামধন্য শিল্পী তার সুরে গান করে নিজেদের করেছেন সমৃদ্ধ।

বাংলাদেশের এই সুর সম্রাট ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের বিক্রমপুরের টঙ্গিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ওস্তাদ জাদব আলী। মায়ের নাম জোহরা খাতুন।