আওয়ামী লীগ আজ গণশত্রুতে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

নির্বাচনের নামে তামাশা করে আওয়ামী লীগ আজ গণশত্রুতে পরিণত হয়েছে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনের পর তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে’।

ঠাকুরগাঁও থেকে সড়ক পথে ঢাকায় ফেরার পথে বুধবার দুপুরে বগুড়া শহরতলির হোটেল মম ইন-এ যাত্রা বিরতিকালে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় বগুড়া সদর উপজেলার বিএনপির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল এ সময় দলের সংকটকালে নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠা না করে ধ্বংস করা হয়েছে। ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে সকল প্রতিষ্ঠান দলীয়করণ করেছে।

তিনি বলেন, দেশ আজ গভীর সংকটে পড়েছে। ভয়াবহ দুর্বৃত্তায়নের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয়নাল আবদিন চাঁন, সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ প্রমুখ।