কৃষকের কান্না থামাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব ইউনুছ আহমদ বলেছেন, ‘কৃষকরা বাজারে গিয়ে উৎপাদিত পণ্যের মূল্য না পেয়ে কান্নাকাটি করলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না।’
বুধবার বিকালে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে দেশের কৃষকদের দুর্দশার কারণ ও করণীয় নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব বলেন।
ইউনুছ আহমদ বলেছেন, ‘গণমাধ্যমে উঠে এসেছে— ডিজেল ও সারের মূল্য বৃদ্ধির কারণে হবিগঞ্জের কৃষকরা বিপাকে। অন্যদিকে বগুড়ার সবজি চাষীরা খরচ তুলতে না পেরে বাজারে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে। কৃষকের এ দুর্বিসহ অবস্থা দেশের ভবিষ্যতের জন্য ভালো খবর নয়। দারিদ্র্য ও অশিক্ষা দূর হবে না। নগরের ওপরে চাপ কমবে না। বৃহত্তর জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত থেকে যাবে। অদূর ভবিষ্যতে দেশে কৃষক খুঁজে পাওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘অবকাঠামো উন্নয়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সুবিধা বৃদ্ধির চেয়ে কৃষককে ক্ষতির হাত থেকে রক্ষা করে লাভবান করতে সার, সেচ, বীজ বিনামূল্যে প্রদান করতে হবে।’
সংক্ষিপ্ত বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন বলেন, ‘কৃষক আজ সংকটাপন্ন, তাদের কল্যাণে কোনো সরকার বাস্তবমুখী পদক্ষেপ নেয়নি।’
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, দলের যুগ্ম-মহাসচিব মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম ও ইসলামী কৃষক-মজুর আন্দোলনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির প্রমূখ।