দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আরিফ চৌধুরী শুভকে সভাপতি, মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক করে একটি কার্যকরী পরিষদ গঠন করেছে জাতীয় পাঠাগার আন্দোলন (জাপাআ)।
মঙ্গলবার (২২জানুয়ারি) সন্ধায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে মনোমুগ্ধকর আয়োজনে মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটির সদস্য, উপদেষ্ঠাবৃন্দ এবং শুভাকাঙ্খিরা।
এ সময় ৩৩ সদস্যের একটি কার্যকরী পরিষদ ঘোষণা করেন উপদেষ্ঠা পরিষদের অন্যতম সদস্য, বুয়েটের সাবেক ডিন ও এশিয়ার এডুকেশন এক্সিলেন্স এওয়ার্ড প্রাপ্ত গবেষক ড. এম ফিরোজ আহমেদ।
তিনি বলেন, জাতীয় পাঠাগার আন্দোলন দেশব্যাপী পাঠাগার গড়ার যে উদ্যোগ গ্রহণ করেছে আমি তাকে সাধুবাদ জানাই। সমাজের তরুণদের একটা অংশ সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। জাতীয় পাঠাগার আন্দোলন পাঠাগার গড়ার মাধ্যমে এই সমাজকে সত্যিকারে একদিন বদলে দিবে বলে আমি বিশ্বাস করি।
পরে ড. এম ফিরোজ জাপাআ’র ওয়বসাইটেরও উদ্বোধন করেন।
এর আগে সূচনা বক্তব্যে জাপাআ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জি. আরিফ চৌধুরী বলেন, আমরা ১০টি পাঠাগার দিয়ে শুরু করেছিলাম। আমরা সারাদেশে ২০০টির বেশি পাঠাগারকে অনুপ্রেরণা দিতে পেরেছি।
উপদেষ্ঠা পরিষদের সদস্য আরিফুল সাজ্জাত বলেন, সমাজের যে জায়গায় পরিবর্তন দরকার সেটি আসলেই হয়নি। কিন্তু তাই বলে পরিবর্তনের ধারা থেমে থাকেনি। এই সমাজেরই তরুণদের একটা অংশ সেই দায়িত্ব পালন করে যাচ্ছে।
‘বই পড়ি পাঠাগার গড়ি স্লোগনে’ বাংলাদেশের প্রতিটি গ্রামে অন্তত একটি করে পাঠাগার গড়ে তোলা। সেই লক্ষ্যে ২০১৭ সালের ২২ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু করে সংগঠনটি।