শিশু অধিকার পরিস্থিতি ২০১৮ নিয়ে বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশে শিশু আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ)।
বুধবারর প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তারা এ উদ্বেগ জানায়। তথ্যে দেখা যায়, ২০১৮ সালে ২৯৮ শিশু আত্মহত্যা করেছে, যেখানে ২০১৭ সালে ছিল ২১৩।
প্রতিবেদনে দেখা যায়, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট চার হাজার ৫৬৬ শিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে। অর্থাৎ প্রতি মাসে ৩৮০’র বেশি শিশু সহিংসতার শিকার হয়েছে।
বুধবার সকালে রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি অডিটোরিয়ামে বিএসএফ আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের শিশুদের অধিকার পরিস্থিতি ২০১৮ নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
দেশের ১৫টি জাতীয় দৈনিক সংবাদপত্রের প্রকাশিত খবরের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি। সম্মেলনের শুরুতে মূল প্রতিবেদন উপস্থাপন করেন বিএসএফের পরিচালক আব্দুস শহিদ মাহমুদ।
এ বিষয়ে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, 'আজকের প্রকাশিত এই পরিসংখ্যান উদ্বেগজনক, এভাবে চলতে থাকলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে। আমরা বিভিন্ন মানবাধিকার সংগঠন কাজ করছি, মিডিয়া কাজ করছে, কিন্তু সরকার যদি কাজ না করে কিছুই হবে না।'
সার্বিক পরিস্থিতি নিয়ে ইউএনডিপির চিফ টেকনিক্যাল অ্যাডভাইজর সারমিলা রাসুল বলেন, 'বাংলাদেশের একটা সুসংহত সংবিধান আছে। যেখানে সবার অধিকার নিশ্চিত করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের সন্তানেরা এখনো অধিকার বঞ্চিত। তাদের অধিকার নিশ্চিত করতে সাংবাদিকসহ সবাইকে কাজ করতে হবে।'
এ সময় উপস্থিত ছিলেন বিএসএফের চেয়ারপার্সন ড. খাজা সামসুল হুদাসহ অন্যান্য মানবাধিকার সংগঠনের সদস্য ও কর্মকর্তাবৃন্দ।