খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের মানববন্ধন

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার সুপ্রিম কোর্টে মানববন্ধন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুর ১টা থেকে পৌণে ২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির কক্ষের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিএনপিপন্থী আইনজীবী নেতারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানানোর পাশাপাশি গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতির জন্য ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে সারা জাতি লজ্জিত।  শুধু বাংলাদেশে নয় পৃথিবীর ইতিহাসে এমন নির্বাচন কখনো হয়নি। এই ভোটে বিএনপি বা বিরোধী দল পরাজয় বরণ করেনি।

বক্তব্যে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব, অ্যাডভোকেট আবেদ রাজা, অ্যাডভোকেট আনিছুর রহমান খান, অ্যাডভোকেট মতিলাল ব্যাপারী, অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন, অ্যাডভোকেট নাছিরউদ্দিন খান সম্রাট প্রমুখ।