কাবুলে বাংলাদেশ মিশন পুনরায় খোলার অনুরোধ আফগান দূতের

আফগানিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক নবায়নের অংশ হিসেবে কাবুলে বাংলাদেশের কূটনৈতিক মিশন পুনরায় খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেছেন।

বৈঠকের পরে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, দু’দেশের বিদ্যমান দীর্ঘ ইতিহাস এবং গভীর সম্পর্কের কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা এবং বাণিজ্যিক সম্পর্কের উত্তরণ ঘটাতে আগ্রহী। স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে আফগানিস্তান অন্যতম উল্লেখ করে তিনি বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের প্রশংসা করেন।

আফগান রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে এ সময় প্রধানমন্ত্রী ঢাকা এবং কাবুলের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ‘বাংলাদেশ এর প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়।’

তিনি বলেছেন, প্রতি বছর বাংলাদেশ আফগানিস্তান থেকে প্রচুর পরিমাণে শুকনো খাবার আমদানি করে থাকে এবং আফগানিস্তানও বাংলাদেশ থেকে উন্নতমানের ওষুধ তাদের দেশে আমদানি করতে পারে।

নির্বাচনে তার দলের বিপুল বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আফগান রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে তিনি দুই দেশের চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনের ওপর জোর দিয়েছেন।

শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণ উন্নয়নের সুফল ভোগ করতে পারে যে কারণে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে এবং তার সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ, যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জন্য তার সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উল্লেখ করে বলেছেন, এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়ন এবং বিপন্ন জনগণকে বিশেষ করে নারীদের সহায়তা প্রদান করা হয়ে থাকে।