দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি বৃহস্পতিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ ব্যাপারে আদেশ জারির কথা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের কর্র্তৃপক্ষকে ৩০ জানুয়ারি থেকে বছরজুড়ে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা আসছে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘উন্নত শিক্ষার জন্য সুন্দর পরিবেশ, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করে গড়ে তোলা এবং শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পরিচালিত হবে।’ তিনি জানান, কর্মসূচি শুরু করতে ঝাড়–, বালতি বা অন্যান্য সরঞ্জাম ৩০ জানুয়ারির আগেই সংগ্রহ করবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অপরিচ্ছন্নতার অভিযোগ পুরনো। ওয়াশ ব্লক পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত থাকে না বলে বারবার অভিযোগ উঠলেও এতে গুরুত্ব দিচ্ছে না বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান কর্র্তৃপক্ষ। কয়েক মাস আগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের টয়লেট পরিষ্কার নেইÑ এমন অভিযোগ ওঠার পর শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত রাখতে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। তাতেও তেমন সাড়া না পাওয়ায় এ কর্মসূচি চালু করা হচ্ছে।