নরসিংদীর মাধবদীতে প্রবাসী স্ত্রীকে এসিড নিক্ষেপ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ঘটনায় জড়িতকে দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে যথাযথ শাস্তি এবং গৃহবধূর চিকিৎসাসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়েছে। গতকাল বুধবার সংগঠনের সভাপতি আয়েশা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
গণমাধ্যমের বরাত দিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, সংসারের অভাব ঘোচাতে তিন বছর আগে সৌদি আরব যান ভুক্তভোগী গৃহবধূ। দুই মাস আগে দেশে ফিরে তিনি জানতে পারেন, তার স্বামী আমানউল্লাহ ৭-৮ মাস আগে আরেক বিয়ে করেছেন। এ নিয়ে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ তিন সন্তানসহ বাবার বাড়ির পাশে বসবাস শুরু করেন। গত সোমবার রাতে আমানউল্লাহ সবকিছু ঠিক হওয়ার আশ্বাস দিয়ে স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর রাত ৩টার দিকে স্ত্রীকে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় আমান। মারাত্মক দগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বিবৃতিতে বলা হয়, অভিবাসী নারীরা বিভিন্নভাবে যৌন নিপীড়ন, অর্থনৈতিক শোষণ ও পারিবারিক সহিংসতার শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তাদের সার্বিক সুরক্ষায় বিশেষ ব্যবস্থা ও পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনা অভিবাসী নারীদের অর্থনৈতিক শোষণ ও পারিবারিক সহিংসতার নৃশংস, বর্বরতার চরম বহিঃপ্রকাশ বলে উল্লেখ করে মহিলা পরিষদ। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, এসিড অপরাধ দমন আইন ও এসিড নিয়ন্ত্রণ আইনের প্রচার ও বাস্তবায়নসহ জনসচেতনতায় বিশেষ পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দাবি জানানো হয়।