শিক্ষকের কাছ থেকে চাঁদা নিতে গিয়ে ধরা দুই পুলিশ!

রাজশাহীতে ভয় দেখিয়ে কলেজশিক্ষকের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। টাকা আদায় করতে গিয়ে পরে শিক্ষকের কৌশলে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে। গত মঙ্গলবার রাতে নগরীর শিরোইল এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, নগরীর চন্দ্রিমা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মোমেন ও কনস্টেবল মুর্ত্তুজা। অভিযোগকারী আশরাফুল আলম নগরীর ভবানীগঞ্জ সরকারি কলেজের শিক্ষক। এ ঘটনায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবীর।

আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, ‘রাতে হাঁটার সময় শিরোইল এলাকার রাস্তায় এক নারীসহ দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখি। হঠাৎ তারা বলে, আমি তাদের সঙ্গের নারীকে বাজে মন্তব্য করেছি। এ সময় নিজেদের ডিবি পরিচয় দিয়ে তারা ২০ হাজার টাকা দাবি করে। আমি এত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা পরিমাণ কমিয়ে ১২ হাজার টাকা দিতে বলে। টাকা দেওয়ার কৌশল করে আমি তাদের নগরীর ভদ্রা এলাকা মোড়ে নিয়ে আসি এবং পরিচিত লোক দিয়ে আটকে ফেলি।’ প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর এক পুলিশ সদস্য সেখান থেকে সটকে পড়েন। অপরজনকে অন্য পুলিশ সদস্যরা এসে নিয়ে যান জানতে চাইলে কনস্টেবল মুর্ত্তুজা বলেন, ‘আসলে বিষয়টি সেই রকম কিছু না। আমাদের কথা কেউ শুনতে চাইছে না।’