সহজ জয়ে এগিয়ে গেল ভারত

মোহাম্মদ শামি একা নন। সঙ্গে যোগ দিয়েছিলেন দুই স্পিনার কুলদিপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। ফলে যা হওয়ার তাই হয়েছে। মাত্র ৩৮ ওভারে ১৫৭ রানে অল আউট নিউজিল্যান্ড। আর এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। প্রথম ওয়ানডে ডি/এল মেথডে ৮ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেছে সফরকারীরা।

নেপিয়ারে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুতেই আঘাত হানেন শামি। তার সিম বোলিংয়ের অসাধারণ প্রদর্শনীতেই কোণঠাসা হয়ে পড়ে কিউইরা। এরপর চাহাল ও কুলদিপ বাকি কাজটুকু সারেন। মাত্র ১৮ রানে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন কেন উইলিয়ামসন ও রস টেইলর। কিন্তু

তৃতীয় উইকেটে তারা ৩৪ রানের বেশি যোগ করতে পারেননি। এই জুটি ভাঙার পর একা লড়াই করেন স্বাগতিক অধিনায়ক। দলীয় সর্বোচ্চ ৬৪ রান আসে তার ব্যাট থেকে। ২৪ রান করেন টেইলর। ভারতের পক্ষে ৩৯ রানে ৪ উইকেট নেন কুলদিপ। ১৯ রানে ৩ উইকেট ম্যাচসেরা শামির। চাহাল পান ২ উইকেট।

জবাব দিতে নেমে ভারতের শুরুটা ভালোই হয়েছিল। নিউজিল্যান্ডের ইনিংস দ্রুত শেষ হওয়ায় ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৪১ রান তুলে ফেলে ভারত। এরপর বিরতি থেকে ফিরেই আউট হন রোহিত শর্মা (১১)। পরে সূর্যের কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। ফলে ৪৯ ওভারে ১৫৬ রানের টার্গেট দেওয়া হয় ভারতকে। শেখর ধাওয়ান ৭৫ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৪৫ রান করে আউট হন বিরাট কোহলি। গতকাল ওয়ানডেতে ব্রায়ান লারাকে টপকে শীর্ষ ১০ রান সংগ্রাহকের তালিকায় ঢুকে পড়েছেন তিনি। ভারত শেষ পর্যন্ত ৩৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়।

২০০৯ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম জয় পেয়েছে ভারত। আর সেই জয়ের নায়ক ভারতীয় বোলাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২৬ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ১৫৭/১০ (উইলিয়ামসন ৬৪, টেইলর ২৪, স্যান্টনার ১৪; কুলদিপ ৪/৩৯, শামি ৩/১৯, চাহাল ২/৪৩)।

ভারত : ১৫৬/২ (ধাওয়ান ৭৫*, কোহলি ৪৫, রাইডু ১৩*; ব্রেসওয়েল ১/২৩, ফার্গুসন ১/৪১)।

ফল : ভারত ৮ উইকেটে জয়ী (ডি/এল মেথডে)।

ম্যাচসেরা : মোহাম্মদ শামি।