প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ। গতকাল বুধবার গণভবনে এ সাক্ষাৎ হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করে বিষয়টি জানান।
তিনি জানান, সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় নৌবাহিনীপ্রধানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজাম উদ্দিন আহমেদ।
জানা গেছে, অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ নৌবাহিনীর ১৪তম প্রধান হিসেবে ২০১৬ সালের ২৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২৬ জানুয়ারি অবসরে যাচ্ছেন তিনি।