ম্যাচটিতে দলে রাখা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসিকে। লুইস সুয়ারেস থাকলে নামানো হয়নি শুরুর একাদশে। দুর্বল দল নিয়ে সেভিয়ার মাঠে খেলতে গিয়ে হার নিয়ে ফিরেছে বার্সেলোনা।
বুধবার রাতে কোপা ডেল রের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হারে এরনেস্তো ভালভেরদের দল। প্রতিযোগিতাটির গত আসরের ফাইনালে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
বল দখলে আধিপত্য দেখালেও গোলের সুযোগ তৈরিতে অনেকটা পিছিয়ে ছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে রক্ষণে নিয়ন্ত্রণ হারায় তারা। আর এই সময়ে খেয়ে বসে দুটি গোল।
ম্যাচের ৫৮তম মিনিটে সেভিয়াকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া। ডি-বক্সে সতীর্থ কুইন্সি প্রমেসের ক্রসে বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান স্প্যানিশ এই মিডফিল্ডার।
৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সেভিয়া। দ্রুত গতির এক পাস থেকে বল পেয়ে খুব কাছ থেকে জাল খুঁজে নেন দলটির ফরাসি স্ট্রাইকার উইসাম বেন ইয়াদের।
শেষ দিকে বার্সেলোনার ইভান রাকিতিচ, জেরার্দ পিকে ও সুয়ারেস গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। সুয়ারেজের শট ও পিকের হেড হয় লক্ষ্যভ্রষ্ট। আর রাকিতিচের শটটি রুখে দেন সেভিয়া গোলরক্ষক।
আগামী বুধবার কাম্প নউয়ে ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি। সেমি-ফাইনালে উঠতে হলে নিজেদের মাঠে সেভিয়াকে কমপক্ষে ৩-২ গোলে হারাতে হবে।
শেষ ষোলোতেও লেভান্তের মাঠে প্রথম লেগে হেরে গিয়েছিল বার্সেলোনা। তবে ফিরতি পর্বে নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে প্রতিযোগিতাটিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া দলটি।