গোল করার ধারা ধরে রেখেছেন এদিনসন কাভানি। সঙ্গে জালের দেখা পেয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়া। আক্রমণভাগের এই দুই খেলোয়াড়ের নৈপুণ্যে স্ত্রাসবুরকে হারিয়ে ফরাসি কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পিএসজি।
নিজেদের মাঠ পাঁক দে পাঁসে বুধবার রাতের ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতে কাভানি দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া।
ম্যাচটিতে জয় পেয়েও মনমরা পিএসজির। পায়ের পাতার মেটাটারসাল হারে চোট পেয়েছেন দলটির তারকা নেইমার, এই চোটের কারণেই গত মৌসুমের অনেকটা সময় খেলতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
ম্যাচের চতুর্থ মিনিটে রক্ষণচেরা পাস পেয়ে ডি-বক্সের মাঝ থেকে ডান পায়ের জোরালো শটে মুহূর্তে জালে বল জড়ান কাভানি। এই নিয়ে গত তিন ম্যাচে পাঁচটি গোল করলেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
১-০ ব্যবধানে এগিয়ে থাকা বিরতিতে যাওয়া পিএসজিকে দ্বিতীয় গোলটি এনে দেন দি মারিয়া। ৮০তম মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের পাসে খুব কাছ থেকে জালে বল পাঠান আক্রমণভাগের এই খেলোয়াড়।
ব্যবধান কমানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও পিএসজির রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি স্ত্রাসবুর।