ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বৃহস্পতিবার রাতে সিদ্ধান্ত নেবে বিএনপি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে সাংবাদিকেরদের এক প্রশ্নের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।
এর আগে দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়ার বিষয়ে রাতে স্থায়ী কমিটির বৈঠকে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে বিএনপি।
ওই বৈঠকে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত থাকতে পারেন বলেও জানান তিনি।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা উত্তর সিটির মেয়রপদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।