বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে গত বছরের ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকে বিভিন্ন মামলায় একাধিক কারাগারে বন্দী জীবন কাটছে এই বিরোধী নেতার।
বৃহস্পতিবার সোহেলকে নরসিংদীর কারাগারে স্থানান্তর করা হয়। বিষয়টি জানিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন তার মেয়ে জান্নাতুল এলমি সূচনা।
এতে সোহেলের মেয়ে বলেন, ‘কোনো রকম নির্দেশ ছাড়াই আজ পাঠিয়ে দিলো নরসিংদী। শুরু হলো আরেক যাত্রা, নরসিংদী জেল।’
‘আজকাল মনে হয়- জীবনটা বোধহয় এরকম ভাবেই কেটে যাবে। একদিন চোখের নোনাপানি শুকিয়ে যাবে। গভীর কোনো ক্ষতকেও ক্ষুদ্র বলে মনে হবে। খুব আনন্দেও হয়তো হাসব না, খুব কষ্টেও হয়তো কাঁদব না। অনুভূতিদের বেচে দেব মরীচিকার দামে।’
বাবার স্মৃতিকাতর সূচনা আরও লিখেন, ‘কতদিন কতদিন ছুঁয়ে দেখি না তোমায়। কেউ বলে না- মাগো, কোথায় আমার বুকে আয়।’
সোহেলকে গ্রেপ্তারের দিন তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সোহেলের স্ত্রী আমাকে জানিয়েছেন- তার নামে প্রায় সাড়ে ৪শ’ থেকে ৫শ’র মতো মামলা ইতোমধ্যে দায়ের করা হয়েছে।