গ্যাটকো মামলায় আদালতে খালেদা, শুনানি ৭ ফেব্রুয়ারি

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বৃহস্পতিবারও হয়নি। এদিন খালেদা জিয়ার উপস্থিতিতে তার আইনজীবী এ জে এম মোহাম্মদ আলীসহ অন্যরা শুনানি পেছানোর আবেদন করলে আদালত পরবর্তী হাজিরা ৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে কারাগার থেকে খালেদা জিয়াকে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী বিশেষ আদালতে হাজির করা হয়। শুনানি শুরু হয় ১২টা ৫০ মিনিটে। আদালত কার্যক্রম শেষ হয় ১টা ৩৫ মিনিটে।

শুনানির সময় খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, এ জে এম মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আরও অনেকে।

শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, ‘মামলায় রাষ্ট্রপক্ষ যেসব ডকুমেন্টস আদালতে দাখিল করেছেন, সেগুলোর কপি আমাদের কাছে নেই। সেগুলোর জন্য আমরা আদালতে আবেদন করবো। সে কপিগুলো হাতে পেলে আমরা অভিযোগ গঠন শুনানি করবো। এ জন্য শুনানি পেছানো হোক।’

তবে রাষ্ট্র পক্ষে থেকে মোশাররফ হোসেন কাজল বলেন, ‘সময়ক্ষেপণের জন্য এগুলো বলা হচ্ছে। মামলাটি ১০ বছর ধরে চলছে।এখন আদালতে তারা বলে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই।’

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. গোলাম শাহরিয়ার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ১৩ মে জোট সরকারের প্রভাবশালী ৯ প্রাক্তন মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা অভিযোগপত্র দাখিল করেন।

২৪ আসামির মধ্যে প্রাক্তন মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুইয়া, প্রাক্তন মন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন। মামলাটিতে বর্তমান আসামির সংখ্যা ২০ জন।