প্রতিযোগিতায় সারা-জাহ্নবীর কে এগিয়ে

কাছাকাছি সময়ে বলিউডে অভিষেক হলো সারা আলী খান ও জাহ্নবী কাপুরের। স্বভাবতই দুই স্টার কিডসের মধ্যে প্রতিযোগিতা থাকবে। এ বিষয়ে তারা কী বলেন?

শ্রীদেবী-বনি কাপুরের মেয়ের সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই বলে সম্প্রতি জানালেন সারা।

ফিল্মফেয়ারের সাক্ষাৎকারে অমৃতা সিং ও সাইফ আলী খানের মেয়ে সারা বলেন, “জাহ্নবী যেমন তার কাজ নিয়ে খুশি, আমিও নিজের কাজ নিয়ে খুশি। কেউ কারও সঙ্গে কোনো প্রতিযোগিতায় নেই।”

বারবার কেন এই ধরনের প্রশ্ন করা হয়- তা নিয়েও প্রশ্ন তোলেন সারা। আরও জানান, জাহ্নবী ও তিনি যখন প্রথম ইনস্টাগ্রামে নিজেদের প্রোফাইল খোলেন, তখনো এই ধরনের বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করে। কিন্তু, এগুলো অহেতুক বিষয়।

সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো-এ হাজির হওয়ার সময় জাহ্নবীকে ‘সারা জি’ বলে সম্বোধন করেন এক সাংবাদিককে। যা শুনে খানিকটা হেসেই ফেলেন নবাগত নায়িকা। “আপনি এ সব জেনে-বুঝেই করছেন, তাই না?” বলে পাল্টা প্রশ্ন করেন জাহ্নবী।

২০১৮ সালের মাঝামাঝিতে ‘ধাড়াক’ দিয়ে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। বিপরীতে ছিলেন শহীদ কাপুরের ভাই ঈশান খাট্টার। বর্তমানে করণ জোহরের সিনেমা ‘তাখত’ নিয়ে ব্যস্ত এ নায়িকা।

ডিসেম্বরের শুরুতে ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে যাত্রা করেন সারা। বিপরীতে ছিলেন সুশান্ত সিং রাজপুত। মাসের শেষদিকে মুক্তি পায় রণবীর সিং-এর বিপরীতে ‘সিম্বা’।